চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন, গ্রেফতার, চলমান আইনি লড়াই এবং ফের বিয়ে প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন এ বিষয়ে নীরব ছিলেন, কারণ তার বিশ্বাস ছিল-সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই।
ব্যক্তিগত জীবন নিয়ে পরীমনি বলেন, কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি দিলেও কটূক্তি শুনতে হয়। তার ভাষায়, মানুষ যেন তাকে শুধু একা এবং সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমন মনোভাব, তা তিনি জানেন না।
গ্রেফতারের প্রসঙ্গে পরীমনি বলেন, কারামুক্ত হওয়ার পর এতদিন তিনি এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। তার বিশ্বাস ছিল, কোনো সত্যই চিরদিন গোপন থাকে না। তিনি বলেন, যেমন কোনো অপরাধ নিখুঁত হয় না, তেমনি সত্যও একসময় প্রকাশ্যে আসে।
পরীমনি দাবি করেন, তাকে গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, সে সময় গ্রেফতারের কোনো পরোয়ানা ছিল না এবং তার বাসায় তল্লাশি চালানোর অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না। পরে পুরো ঘটনার বিবরণ জানার পর বিষয়টি তার কাছে পরিকল্পিত বলে মনে হয়েছে। তবে তিনি ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করেছেন।
তিনি বলেন, গত ছয় বছরে ধৈর্যই তাকে টিকিয়ে রেখেছে। বর্তমানে নিজেকে অনেকটাই স্বস্তিতে অনুভব করছেন উল্লেখ করে বলেন, যেন দীর্ঘদিনের একটি ভার নেমে গেছে।
চলমান মামলার বিষয়ে পরীমনি বলেন, মামলাটি কোনো ব্যক্তি করেননি। অভিযোগে বলা হয়েছিল, তিনি বিভিন্ন মানুষকে বিরক্ত ও ব্ল্যাকমেইল করেন। তবে শুরু থেকেই তিনি আইনের প্রতি আস্থা রেখেছেন এবং কখনো রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি বা আহাজারি করেননি।
তার ভাষায়, যতদিন প্রয়োজন আদালতে হাজিরা দেবেন। তিনি বিশ্বাস করেন, একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করবেন এবং তার সম্মান ফিরিয়ে দেবেন।
দেশে নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পীদের নয়, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোন না কেন, সবাই যেন হয়রানিমুক্ত ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন-সেটিই তিনি প্রত্যাশা করেন।
জ/উ