বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয় ও ফ্যাশন-দুই ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে নিজস্ব অবস্থান ধরে রেখেছেন। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ও স্টাইলিশ উপস্থিতির ছবি শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল সমুদ্রকে পটভূমি করে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন কারিনা। ছবিগুলো প্রকাশের পর অনুরাগী ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে তার মাথায় বাঁধা নীল রঙের প্রিন্টেড স্কার্ফটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ছবিতে দেখা যায়, লাল বিকিনি টপের ওপর ডোরাকাটা হালকা নীল শার্ট পরেছেন কারিনা। মাথায় নীল প্রিন্টেড ব্যান্ডানা বা স্কার্ফ, গলায় সূক্ষ্ম লকেটের চেইন, নো-মেকআপ লুক এবং রোদে উড়তে থাকা চুল-সব মিলিয়ে তার ক্যাজুয়াল সামার স্টাইল ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে। অনায়াস উপস্থিতি ও প্রাণবন্ত অভিব্যক্তিও ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবিগুলোর ক্যাপশনে স্কার্ফটির প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।”
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ভক্ত কারিনার সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, “বয়স যেন আপনার কাছে শুধুই একটি সংখ্যা।” আবার অনেকে তার স্টাইল ও উপস্থিতির প্রশংসায় মুগ্ধতা প্রকাশ করেছেন।
তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি সমালোচনাও এসেছে। নেটিজেনদের একাংশ রসিকতা ও কটাক্ষ করে মন্তব্য করেছেন, “দাদি।” ফলে প্রশংসা ও সমালোচনা-দুই ধরনের প্রতিক্রিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
জ/উ