জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। ভারতের রাজধানী দিল্লিসংলগ্ন হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবস্থিত তাঁর বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের জারি করা পূর্বনির্ধারিত নির্দেশনা ও বিধিনিষেধ না মানার কারণে ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আয়োজিত পূর্বনির্ধারিত একটি গণবিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর ‘কেন্দ্রীয় বিহার সোসাইটি’ আবাসিক এলাকায় তাঁর বাসভবনে উপস্থিত হন পুলিশ সদস্যরা। পরে সেখান থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ও ককরোচ জনতা পার্টির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরে প্রশাসনিক কড়াকড়ি চলছে।
দিল্লির কেন্দ্রস্থলে বড় ধরনের জমায়েত ঠেকাতে যন্তর মন্তরসহ আশপাশের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বিধিনিষেধ অমান্য এবং জনসমাগমের পরিস্থিতি প্রভাবিত হওয়ার আশঙ্কায় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে।
জ/উ