গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের সময় তার সাজপোশাক মুগ্ধ করেছিল ভক্তদের। এবার দেড় বছর পর ফের বিয়ের সাজে দেখা দিলেন ‘সাবা’ অভিনেত্রী। তবে এবার বাস্তব জীবনের বিয়ে নয়, কাজের প্রয়োজনে এমন সাজে ধরা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। সেখানে সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে দেখা গেছে তাকে। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে আভিজাত্য।
মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি ও কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুল তার সাজে এনেছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস। হাতে মানানসই চুড়ি ও আংটি। সব মিলিয়ে সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় না। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’
মেহজাবীনের এই সাজে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরা। অনেকের মতে, বিয়ের দিনের সাজের চেয়েও এবার তাকে বেশি সুন্দর লাগছে। একজন মন্তব্য করেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও।’ আরেকজন লিখেছেন, ‘বিয়ের সবগুলো গেটআপের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম।’ অন্য একজনও একই সুরে লিখেছেন, ‘বিয়ের দিনের চেয়ে আজ বেশি সুন্দর লাগছে।’
এদিকে অভিনয়ে ইদানীং খুব একটা দেখা যাচ্ছে না মেহজাবীনকে। হাতে রয়েছে সিনেমার কাজ। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে দেখা যাবে তাকে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
জ/উ