দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার ও চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে চলছে কেমোথেরাপি। তবে আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। চিকিৎসার পাশাপাশি সুন্দর এই পৃথিবীকে নতুন করে উপভোগ করতে নিজেকে সময় দিচ্ছেন তিনি।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তানিয়া। ছবিগুলোতে প্রকৃতির সান্নিধ্যে তার প্রশান্ত মুহূর্তগুলো ধরা পড়েছে। এসব ছবি দেখে ভক্তদের মধ্যেও তার সুস্থতা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
গত ৪ অক্টোবর সকালে একটি রিসোর্টের দোলনায় বসা ছবি প্রকাশ করে তানিয়া লিখেছিলেন, ‘একটি সুন্দর সকাল, একটি প্রশান্ত মন।’ এরপর ৬ অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত ওই রিসোর্ট থেকে একের পর এক ছবি প্রকাশ করছেন তিনি।
একটি ছবিতে নীল রঙের ডেনিম স্কার্ট ও সাদা টপস পরে রোদ পোহাতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাস্কিং ইন দা সানলাইট’-অর্থাৎ রোদ্রস্নান করছি।
প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা আরেকটি স্নিগ্ধ ছবির ক্যাপশনে তানিয়া লিখেছেন, ‘সামহোয়্যার বিটুইন ন্যাচার অ্যান্ড সেরেনিটি’-অর্থাৎ প্রকৃতি ও প্রশান্তির মাঝে।
বেজ রঙের গাউন ও ব্লেজার পরা আরেকটি ছবিতে চোখ বন্ধ করে রোদের আভা উপভোগ করতে দেখা যায় তাকে। সেখানে ক্যাপশন ছিল, ‘গোল্ডেন লাইট, কোয়ায়েট সোল’-অর্থাৎ সোনালি আলোতে শান্ত আত্মা। এ ছাড়া গাছের আড়াল থেকে উঁকি দেওয়া কিংবা সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামার কয়েকটি ছবিতে সাদা রঙের লাভ ইমোজি ব্যবহার করেছেন অভিনেত্রী।
তানিয়ার প্রতিটি ছবিতেই প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি প্রশান্তির ছাপ স্পষ্ট। তার এমন উপভোগ্য মুহূর্ত দেখে ভক্তরাও আনন্দিত হচ্ছেন এবং অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সারা বছরই শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন। ইন্ডাস্ট্রি ও দর্শকের কাছেও তার চাহিদা ছিল বেশ। তবে হঠাৎ করেই সবকিছু থেমে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়েছেন তানিয়া।
ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী। এরপর থেকে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই রয়েছেন তিনি।
সম্প্রতি নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে তানিয়া বলেন, তিনি অসুস্থ ছিলেন, তবে এখন অনেকটাই ভালো আছেন। তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং বর্তমানে চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে। আরও দুই মাস কেমোথেরাপি চলার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত জানাবেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শে এখনও বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। তবে খুব শিগগিরই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এ নিয়ে কথাবার্তাও চলছে বলে জানা গেছে।
জ/উ