যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টেও একই অবস্থান তুলে ধরেন ট্রাম্প।
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না জানিয়ে ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। তাঁর দাবি, অর্থনৈতিক ও সামরিক-উভয় দিক থেকেই ইরান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পাশাপাশি ইরানের ওপর অবরোধও পুরোপুরি কার্যকর থাকবে।
হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, শুধু গত রাতেই এ প্রণালি দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল প্রবাহিত হয়েছে। তবে ওই তেলের এক ব্যারেলও ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই তাঁর এ বক্তব্য এল। নির্বাচনের আগে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: রয়টার্স
জ/উ