নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, সিসিটিভিতে সন্দেহভাজন শনাক্ত

নিউজ ডেস্ক

দেশজুড়ে

নাটোরে ভ্রমণে গিয়ে জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ব্যাগ গতকাল বৃহস্পতিবারও উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যাগটিতে একটি ম্যাকবুক (ল্যাপটপ) ও একটি ক্যামেরা ছিল। এ ঘটনায় নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন এক যুবককে শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

2026-10-09T07:12:25+06:00
2026-10-09T07:12:25+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, সিসিটিভিতে সন্দেহভাজন শনাক্ত
নিউজ ডেস্ক
⏲ ৭:১২ এএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
নাটোরে ভ্রমণে গিয়ে জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ব্যাগ গতকাল বৃহস্পতিবারও উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যাগটিতে একটি ম্যাকবুক (ল্যাপটপ) ও একটি ক্যামেরা ছিল। এ ঘটনায় নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন এক যুবককে শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাটোর রেলওয়ে স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তা এএসআই আবু তালেব জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার বিকেলে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে এক যুবকের সঙ্গে নাটোর স্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় তাঁর হাতে একটি ব্যাগ ছিল। পরে ওই যুবককে সঙ্গে নিয়ে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে যান তিনি।

সেখানে যুবকটির কাছে ব্যাগ রেখে পাশের এটিএম বুথে যান ক্রিল। এ সময় ওই যুবককে ব্যাগসহ স্টেশন থেকে সান্তাহারের দিকে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেনে উঠতে দেখা যায়। পরে ফিরে এসে ব্যাগ ও যুবক কাউকেই না পেয়ে ক্রিল সদর থানায় যান। ঘটনার পর থেকে রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাগ উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “জেলা পুলিশ জার্মান নাগরিকের চুরি যাওয়া মালপত্র উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা ও অভিযান চালিয়ে যাচ্ছে। রেলস্টেশনসহ বেশ কিছু স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ে চুরি যাওয়া জিনিসপত্রের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব।”

ব্যাগের সন্ধানে রাজশাহীতে পর্যটক

চুরি হওয়া জিনিসপত্রের খোঁজে বুধবার রাতেই রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। গতকাল দুপুরে তিনি জানান, বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য টাকা তুলতে এটিএম বুথে যাচ্ছিলেন তিনি। এ সময় নিজের জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর জিনিসপত্র—কোনোটিই সেখানে নেই। ঘটনার পরপরই নাটোর থানায় গিয়ে বিষয়টি জানান তিনি।

ল্যাপটপের ব্যাগে কোনো পাসপোর্ট ছিল না জানিয়ে ক্রিল বলেন, তাঁর পাসপোর্ট ও মোবাইল ফোন নিজের কাছেই রয়েছে। তবে ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা সংরক্ষিত আছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বিষয়টি নিয়ে নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি কাজ শুরু করে। পরে চুরি হওয়া ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।

ওসি বলেন, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে রাত ১১টার দিকে ক্রিল রাজশাহীতে পৌঁছালে ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে শনাক্ত হয়। এরপর রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।

তিনি আরও জানান, ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় এর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে ল্যাপটপটির অবস্থানেরও কোনো পরিবর্তন দেখা যায়নি। পরে সেটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, গতকাল সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময় সেখানে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন থাকার কথা ছিল। পরে রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালায়। তবে ল্যাপটপ বা ক্যামেরা কোনোটিই উদ্ধার করা যায়নি।

তিনি বলেন, আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। স্টেশনের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে। ওই ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

জ/শা


  বিষয়:   নাটোর  জার্মান পর্যটক  ব্যাগ চুরি  সন্দেহভাজন শনাক্ত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত