অভিনয়ের পাশাপাশি নির্মাণেও দক্ষতা দেখিয়েছেন অভিনেতা রওনক হাসান। তবে নিয়মিত ক্যামেরার পেছনে দেখা যায় না তাকে। দীর্ঘ বিরতির পর এবার ‘আহারে’ নামের একটি নাটক নির্মাণ করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন রওনক হাসান।
তিনি বলেন, “২০২৩ সালের পর নির্মাণ করা হয়নি। ‘আহারে’ দিয়ে ফিরলাম। গল্পটি সমসাময়িক এবং সত্য ঘটনা অবলম্বনে। একজন দরিদ্র কৃষক তার সর্বস্ব দিয়ে সন্তানকে বিদেশ পাঠায়। এরপরের বাস্তবতা ও সামাজিক মূল্যবোধই উঠে এসেছে নাটকটিতে।”
আগামীকাল ৯ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘আহারে’। নাটকটির নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রওনক। এতে ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে অভিনয় করেছেন।
রওনক কালেভদ্রে নির্মাণ করলেও তার নির্মিত কাজগুলো দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এরপরও নিয়মিত নির্মাণে কেন দেখা যায় না-এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, “আমি মূলত পেশাদার অভিনেতা। ক্যামেরার সামনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই সেখানেই সময় বেশি দেওয়া হয়। সে কারণেই নির্মাণে বেশি দেখা যায় না।”
নির্মাণে অনিয়মিত থাকার পেছনে আরও কিছু কারণ রয়েছে বলেও জানান তিনি। রওনক বলেন, “নাটক মাঝে মাঝে বানাতে চাইলেও সম্ভব হয়ে ওঠে না। কেননা আগেকার নাটক নির্মাণ ও বিক্রয় প্রক্রিয়া ছিল একরকম। এখনকার প্রক্রিয়া ভিন্ন। বিষয়টি আধুনিক হলেও বেড়েছে জটিলতা। আগে গল্প শোনালেই হয়ে যেত। গল্প পছন্দ হলে প্রযোজনা প্রতিষ্ঠান বা চ্যানেল নির্মাতার ওপর আস্থা রাখত। এখন শুধু গল্পে হয় না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ নানা কিছু থাকে। অভিনয়ের পাশাপাশি নির্মাণে এসে এগুলোতে সময় দেওয়া আমার সম্ভব না।”
সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও অর্থায়নের অভাবে তা এগিয়ে নিতে পারছেন না রওনক। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমা নির্মাণের চেষ্টা একাধিকবার করেছি। বেশ কিছু পাণ্ডুলিপিও করেছি। চারবার অনুদানের জন্য জমা দিয়েছি। রাষ্ট্র থেকে শুরু করে আমার সিনেমার লগ্নিকারক হবে এমন কাউকে পাইনি। তাই সম্ভব হয়ে ওঠেনি।”
বর্তমানে বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রওনক হাসান। পাশাপাশি কয়েকটি সিনেমা নিয়েও কথাবার্তা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব বিষয়ে কিছু বলতে চান না বলে জানিয়েছেন অভিনেতা।
জ/উ