ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, ভারতের যুবসমাজকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।
আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন দীপকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, রাস্তাঘাট-সবকিছু বন্ধ করে দিয়েছেন।’ দেশের যুবসমাজকে এতটাই ভয় পেলে মোদি কেন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
দিল্লিতে মেট্রো চলাচলে বিধিনিষেধ আরোপ এবং শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রশ্ন তোলেন সিজেপির প্রতিষ্ঠাতা।
পরে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহ কি নিজেদের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান? জ্ঞানেশ কুমার কি তাঁদের এতটাই প্রিয় যে, তাঁরা নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দেবেন?’
দীপকের আরও দাবি, প্রধানমন্ত্রী মোদি ভয় পাচ্ছেন। কারণ, এ ঘটনার পর দেশের মানুষ তাঁকে আর ভোট দেবেন না বলে আশঙ্কা করছেন তিনি।
যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের পক্ষে যুক্তি তুলে ধরে সিজেপির প্রতিষ্ঠাতা বলেন, ‘প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার। সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার মৌলিক অধিকার দেওয়া হয়েছে। আর আমরা ঠিক সেটাই করতে চাই।’
জ/উ