ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে আবারও প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচনের আগে জনমত জরিপ ও অনলাইন পূর্বাভাসের বাজারে উঠে আসছে নতুন রাজনৈতিক সমীকরণ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউওনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার চার বছরের পূর্ণ মেয়াদ শেষ করেছে। ১৯৮৮ সালের পর এই প্রথম ইসরায়েলের কোনো পার্লামেন্ট নির্ধারিত সময়ে মেয়াদ পূর্ণ করে বিলুপ্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে মেয়াদ শুরু হলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা, গাজা যুদ্ধ এবং পরবর্তী ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের মতো ঘটনাবলির মধ্যেও সরকার টিকে ছিল।
এখন প্রশ্ন, রেকর্ড সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন কি না নেতানিয়াহু। ইউওনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও মধ্যপন্থি জায়নবাদী দল ‘ইয়াশার’-এর প্রধান গাডি আইজেনকোটকে ঘিরেও নির্বাচনী আলোচনায় গুরুত্ব বাড়ছে।
অনলাইন পূর্বাভাসের প্ল্যাটফর্ম পলিমার্কেটের তথ্য অনুযায়ী, আইজেনকোটের নির্বাচনে জয়ের সম্ভাবনা ৪৮ শতাংশ এবং নেতানিয়াহুর ৩৫ থেকে ৩৬ শতাংশ দেখানো হয়েছে। তবে এসব পূর্বাভাস নির্বাচনের চূড়ান্ত ফল নয়; ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
জ/উ