শ্রীপুরে বিকাশের প্রায় আড়াই কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T11:35:32+06:00
2026-10-10T11:35:32+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শ্রীপুরে বিকাশের প্রায় আড়াই কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১
গাজীপুর প্রতিনিধি
⏲ ১১:৩৫ এএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি এবং অন্য কর্মীদের মারধর করে বিপুল পরিমাণ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যমতে, ছিনতাই হওয়া দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস ম্যানেজার। এ ঘটনায় আহত অন্য তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশকর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে তিন কোটি টাকা সংগ্রহ করে তিনটি বস্তায় রাখা হয়েছিল। পরে টাকাগুলো একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১) করে মাওনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

তারা জানান, শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায় তারা। পরে তাঁকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করা হয়।

একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক তথ্যমতে, ওই দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, হাসপাতালে আনা চারজনের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধের ক্ষত রয়েছে। তাঁর অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এত বিপুল পরিমাণ অর্থ পরিবহনের বিষয়টি বিকাশ কর্তৃপক্ষ আগে থেকে থানা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানায়নি। এ ছাড়া অর্থ পরিবহনের জন্য কোনো পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি।

ওসি আরও জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত