‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানের কথা মনে আছে? ২০১১ সালে শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়নে গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন এই জুটি। এবার তাঁদের দেখা গেছে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর ‘ড্যাডি কুল’ গানে।
তবে গানটি পুরোপুরি নতুন নয়। ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটিকে নতুন করে বলিউডি সংস্করণে উপস্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় গানটির ‘কিং ভার্সন’। প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে সাড়া ফেলে গানটি। পুরোনো জুটির পুনর্মিলন দর্শকদের নস্টালজিয়ায় ভাসালেও গানটির নাচ ও উপস্থাপনায় নতুনত্বের অভাব দেখছেন কেউ কেউ।
‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শাহরুখ-কারিনার পুরোনো জুটি ফিরে আসায় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এক দর্শক লিখেছেন, ‘ডন’ সিনেমার আগে শাহরুখ ও কারিনাকে ‘ইয়ে মেরা দিল’ গানে দেখা গেছে, এরপর ‘চাম্মাক চাল্লো’, এবার ‘কিং’-এর ‘ড্যাডি কুল’। কিছু জুটি কখনো পুরোনো হয় না, তাঁদের রসায়নেও সেই নস্টালজিয়া রয়েছে।’
শাহরুখের পর্দায় উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন দর্শকেরা। একজন লিখেছেন, ‘কারিনা পর্দায় থাকলেও চোখ সরানো যাচ্ছে না শাহরুখের দিক থেকে।’ আরেকজনের মন্তব্য, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখের জনপ্রিয়তাও যেন বাড়ছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য এসেছে।
তবে গানটি নিয়ে সবার প্রতিক্রিয়া এক রকম নয়। কেউ কেউ নাচের মুদ্রা ও পরিবেশনায় নতুনত্বের অভাবের কথা বলেছেন। এক দর্শকের মন্তব্য, ‘একই নাচের ধাপ, একই পরিবেশনা, পুরোনো ধরন। ৩০ বছর ধরে এমনটাই দেখে আসছি।’ আরেকজন গানটির কথার সঙ্গে সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
অরিজিৎ সিংয়ের কণ্ঠের প্রশংসা যেমন করেছেন কেউ কেউ, তেমনি একজন মজা করে লিখেছেন, ‘অরিজিৎ কেন প্লেব্যাক ছাড়ছেন, আজ বুঝলাম!’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার দ্বিতীয় গান এটি। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী সিনেমাটি। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।
সিনেমাটিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।