বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের একটি রোমান্টিক দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে হাজির হয়ে অনুষ্ঠানের মঞ্চেই একটি রোমান্টিক মুহূর্ত পুনরায় ফুটিয়ে তোলেন এ তারকা জুটি। তবে দৃশ্যটি নিয়ে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছেন তাঁরা।
অনুষ্ঠানে ছবির প্রচারের পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা হয়। একপর্যায়ে ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানের একটি রোমান্টিক মুহূর্ত অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন ইমরান ও জেনেলিয়া।
ভিডিওতে দেখা যায়, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। তাঁর পাশে গিয়ে কথা বলার একপর্যায়ে মুখ দিয়ে তাঁর কানের দুল খুলে নেন ইমরান হাশমি। এ দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।
আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন এ তারকা জুটি। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রচারের অংশ হিসেবেই সিনেমার একটি রোমান্টিক দৃশ্য মঞ্চে পুনরায় তুলে ধরেন তাঁরা। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।
সমালোচকদের একাংশ এ ঘটনায় জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখের প্রসঙ্গ টেনে কটাক্ষ করছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তাহলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত?’
আরেকজন লিখেছেন, ‘ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’
তবে এ ঘটনায় দুই অভিনেতার পক্ষেও কথা বলেছেন অনেকে। তাঁদের ভক্ত-অনুরাগীদের মতে, ইমরান ও জেনেলিয়া দুজনই পেশাদার অভিনেতা। প্রচারের অংশ হিসেবে তাঁরা নিজেদের অভিনয় করেছেন। তাই এ নিয়ে সমালোচনার কোনো কারণ নেই। সব মিলিয়ে সিনেমার প্রচারের জন্য মঞ্চে তুলে ধরা কয়েক মুহূর্তের অভিনয়ই এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে ইমরান ও জেনেলিয়া।
জ/দি