কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করে গাড়িবহরটি। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের নবম চালান। আগামী সপ্তাহে দশম চালান পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের প্রথম লোডিংয়ের জন্য ইউরেনিয়াম সরবরাহ শেষ হবে।
চলতি বছরের ৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের চালান আসতে শুরু করে। এর আগে সর্বশেষ ২৪ নভেম্বর ইউরেনিয়ামের অষ্টম চালান বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।
জ/শা