তিন পার্বত্য জেলা ও কক্সবাজার নিয়ে পর্যটন রোডম্যাপের উদ্যোগ

জবাবদিহি ডেস্ক

ভ্রমণ

2026-11-28T19:26:21+06:00
2026-11-28T19:26:21+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
ভ্রমণ
তিন পার্বত্য জেলা ও কক্সবাজার নিয়ে পর্যটন রোডম্যাপের উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা এবং তিন পার্বত্য জেলাকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করে সমন্বিত পর্যটন রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সভাটির আয়োজন করে।

সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি, স্বাস্থ্য এবং যোগাযোগব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি।

স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের জরুরি ভিত্তিতে স্থানান্তরের জন্য প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি। একটি অ্যাম্বুলেন্সের অভাবে যেন কোনো রোগী ঝুঁকিতে না পড়েন, সে জন্য জেলা পরিষদকে উপজেলাভিত্তিক জনবল নিয়োগ ও প্রয়োজনীয় বরাদ্দের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মহালছড়ি ও দীঘিনালাসহ দুর্গম এলাকায় সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পর্যটনশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে পার্বত্য মন্ত্রী বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করে আন্তঃমহাসড়ক ও সমন্বিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকেরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

এ লক্ষ্যে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা হবে। এর ফলে পুরো পার্বত্য অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া পার্বত্য অঞ্চলের কৃষি খাতকে সমৃদ্ধ করতে কৃষিমন্ত্রীর আসন্ন পার্বত্য চট্টগ্রাম সফরে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সাচিং প্রু।

মন্ত্রণালয়ের আর্থিক সীমাবদ্ধতা ও চলমান প্রকল্পের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বিগত সময়ের প্রায় ১৮০ কোটি টাকার বকেয়া দায় এবং জাতীয় পর্যায়ের ঋণ পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সীমিত বরাদ্দের মধ্যে সর্বোচ্চ স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। নতুন প্রকল্প গ্রহণ ও দরপত্র প্রক্রিয়ায় জেলা পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, কৃষি ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত