বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা ও যাচাইবিহীন সংবাদ প্রচারের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর দাবি, এসব অপপ্রচার বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারেনি; বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবরকে অসত্য বলে দাবি করেন তিনি।
শফিকুল আলম লিখেছেন, কখনো কখনো মিথ্যা সংবাদ ছড়িয়ে তা প্রচারকারীদের জন্য উল্টো ফল বয়ে আনে। ভারতের ‘গোদি মিডিয়া’ সম্প্রতি যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর প্রচার করেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এসব প্রচারের উদ্দেশ্য ছিল বাংলাদেশবিরোধী ও মুসলমানবিরোধী মনোভাব উসকে দেওয়া এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের তুলনা টানা।
তিনি লেখেন, শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে কলঙ্কিত ও দণ্ডিত। তাঁকে ঘিরে রাজনৈতিক বয়ান তৈরির চেষ্টা করা হলেও ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার প্রত্যাশিত ফল আনতে পারেনি।
শফিকুল আলমের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই এসব সংবাদ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট ঘটনাগুলো সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক। এসব হামলার অনেক ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার কথাও তাঁরা তুলে ধরেছেন বলে উল্লেখ করেন তিনি।
ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতাদের বক্তব্যের সমালোচনা করে শফিকুল আলম বলেন, ভুয়া খবরের প্রচারের পর বাংলাদেশের বিরুদ্ধে বিজেপি নেতাদের, এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যদের শত্রুতামূলক বক্তব্য বেড়েছে। তাঁর মতে, এসব রাজনীতিক বাংলাদেশবিরোধী অবস্থান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছেন।
তিনি আরও বলেন, এসব বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিক অর্জুন সিংয়ের বাংলাদেশে আক্রমণ ও দখলের ইঙ্গিতপূর্ণ বক্তব্যের মতো উসকানিমূলক মন্তব্য দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে।
শফিকুল আলমের ভাষ্য, এসব হুমকি শেখ হাসিনা ও আওয়ামী লীগ যে রাজনৈতিক সুযোগ তৈরির আশা করেছিল, তা নষ্ট করে দিয়েছে। তাঁর মতে, ‘জুলাই ঐক্য’ অনেকটাই পুনরুজ্জীবিত হয়েছে। গোপালগঞ্জে শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ড এবং ভারতের ক্ষমতাসীন রাজনীতিকদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণে ভারতবিরোধী মনোভাব আবারও তীব্র হয়েছে।
পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, শেখ হাসিনা, তাঁর সমর্থক এবং এসব বক্তব্য প্রচারকারী গণমাধ্যম পরিস্থিতির এমন পরিণতি হয়তো প্রত্যাশা করেনি। নড়াইলের ঘটনাকে কেন্দ্র করে প্রচারিত বিভিন্ন বয়ান উল্টো ফল দিয়েছে এবং তাদের রাজনৈতিক পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জ/শা