পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ সূরা আলে ইমরানের ১৮৫, সূরা আল-আম্বিয়ার ৩৫ এবং সূরা আল-আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে এ কথা উল্লেখ রয়েছে।
মানুষের মৃত্যু হলে দুনিয়ায় তার আমল করার সুযোগ শেষ হয়ে যায়। তবে ইসলামে এমন কিছু আমলের কথা বলা হয়েছে, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। সহিহ হাদিসে এ ধরনের তিনটি আমলের কথা উল্লেখ করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। সেগুলো হলো—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে।
১. সদকায়ে জারিয়া বা চলমান দান
সদকায়ে জারিয়া হলো এমন দান, যার উপকারিতা দীর্ঘদিন ধরে মানুষের কাছে পৌঁছাতে থাকে। যেমন—মানুষের পানির কষ্ট দূর করতে পানির ব্যবস্থা করা, গাছ লাগানো, যেখান থেকে মানুষ ও পশুপাখি ছায়া বা আশ্রয় পায়, কিংবা জনকল্যাণে এমন স্থাপনা তৈরি করা, যেখান থেকে মানুষ নিয়মিত উপকৃত হয়। এ ধরনের কল্যাণমূলক কাজ সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। এসব কাজের সুফল যত দিন মানুষের কাজে লাগবে, তত দিন দাতার জন্য সওয়াবের সুযোগ থাকবে।
২. উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া
মানুষকে এমন জ্ঞান বা শিক্ষা দেওয়া, যা থেকে অন্যরা উপকৃত হয়, মৃত্যুর পরও সওয়াব পাওয়ার একটি মাধ্যম। কাউকে উপকারী জ্ঞান শেখানো, মানুষের কল্যাণে আসে এমন শিক্ষা দেওয়া কিংবা উপকারী জ্ঞান রেখে যাওয়ার মাধ্যমে এই সওয়াবের ধারাবাহিকতা তৈরি হতে পারে। সেই জ্ঞান থেকে মানুষ যত দিন উপকৃত হবে, তত দিন এর সুফল অব্যাহত থাকতে পারে।
৩. নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে
সন্তানকে সৎ, নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার গুরুত্ব ইসলামে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কারণ, নেক সন্তান মা-বাবার মৃত্যুর পরও তাঁদের জন্য দোয়া করতে পারে। সন্তানের এই দোয়া মা-বাবার জন্য মৃত্যুর পরও সওয়াব পাওয়ার অন্যতম মাধ্যম।
এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল ছাড়া—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)
তাই জীবদ্দশায় এমন কিছু কল্যাণকর কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ, যার উপকারিতা মৃত্যুর পরও মানুষের কাছে পৌঁছাতে থাকে। সদকায়ে জারিয়া করা, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সন্তানকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর পরও সওয়াব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
জ/শা