অ্যাভেঞ্জার্স থেকে শাহরুখ, সালমান- সবাই ফিরছেন ডিসেম্বরে

বিনোদন ডেস্ক

2026-11-24T19:25:05+06:00
2026-11-24T19:25:05+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অ্যাভেঞ্জার্স থেকে শাহরুখ, সালমান- সবাই ফিরছেন ডিসেম্বরে
বিনোদন ডেস্ক
⏲ ৭:২৫ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে একঝাঁক নতুন সিনেমা-সিরিজ। হলিউড থেকে বলিউড, সমান তালে হাজির হচ্ছে সব ইন্ড্রাস্ট্রির বড় বড় কনটেন্ট। দর্শকরা এসব সিনেমায় পাবে সুপারহিরোর অ্যাকশন, সায়েন্স ফিকশনের রোমাঞ্চ কিংবা অ্যানিমেশনের হালকা মজা। এই জমজমাট মৌসুমের আয়োজনেই ফিরছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান। আসছে অ্যাভেঞ্জার্সের নতুন সিকুয়্যেলও।

শাহরুখের ‘কিং’

ডিসেম্বরের শেষ সপ্তাহে বলিউডের দর্শকদের জন্য বড় আকর্ষণ শাহরুখ খানের ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সুপারস্টার। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান।

এ ছাড়া দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরের নামও আলোচনায় রয়েছে। বাবা-মেয়ের একসঙ্গে অভিনয় দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তবে তাদের চরিত্রের সম্পর্ক নিয়ে নিশ্চিত তথ্য ছাড়া প্রচারিত নানা গুঞ্জনকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

শাহরুখের সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ছিল ২০২৩ সালের ‘ডানকি’। সে হিসাবে ‘কিং’ দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। সিনেমাটির প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।

মাসের শুরুতেই সালমানের ‘মাতৃভূমি’

ডিসেম্বরের শুরুতে বলিউডের প্রেক্ষাগৃহে আসছেন সালমান খান। তার অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির পটভূমি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষ। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

মুক্তির তারিখ নিয়ে একাধিকবার পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত ৪ ডিসেম্বরের তারিখ ঘোষণা করেছেন সালমান খান। ছবিটির প্রচারণায় ইতিমধ্যে ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে।

৭ বছর পর ফিরছে অ্যাভেঞ্জার্স

মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ১৮ ডিসেম্বর। ওই দিন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির পর বড় পর্দায় আর কোনো নতুন অ্যাভেঞ্জার্স চলচ্চিত্র আসেনি। ফলে প্রায় সাত বছর পর দলটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এবারের গল্পে একাধিক মহাবিশ্বের পরিচিত সুপারহিরোদের মুখোমুখি হতে হবে ভয়ংকর প্রতিপক্ষ ডক্টর ডুমের। চরিত্রটিতে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। আয়রন ম্যান হিসেবে দীর্ঘদিন দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতাকে এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যাবে। অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে আরও রয়েছেন ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড, ফ্লোরেন্স পিউ ও অ্যান্থনি ম্যাকি।

মার্ভেলের ঘোষিত সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর ২০২৬। তবে আন্তর্জাতিক বাজারে মুক্তি শুরু হওয়ার কথা ১৬ ডিসেম্বর থেকে। ফলে বিভিন্ন দেশে প্রদর্শনের তারিখ এক নাও হতে পারে

ডুনের জগতে ফিরছেন টিমোথি শ্যালামে

অ্যাভেঞ্জার্সের সঙ্গে একই দিনে বড় পর্দায় আসছে ‘ডুন: পার্ট থ্রি’। পরিচালক ডেনিস ভিলেন্যুভের এই সিনেমা দিয়ে শেষ হচ্ছে তার নির্মিত ডুন চলচ্চিত্র ত্রয়ী। ফ্র্যাঙ্ক হারবার্টের বিখ্যাত উপন্যাস Dune Messiah অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

আগের দুই পর্বের ধারাবাহিকতায় এবারও পল অ্যাট্রেইডিসের চরিত্রে থাকছেন টিমোথি শ্যালামে। তার সঙ্গে অভিনয় করেছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, রেবেকা ফার্গুসন, জেসন মোমোয়া, আনিয়া টেলর-জয় ও রবার্ট প্যাটিনসন।

যুক্তরাষ্ট্রে ১৮ ডিসেম্বর এবং আন্তর্জাতিক বাজারে ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, হ্যারি পটারের জাদুর জগৎ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। তবে এইচবিওর নতুন ‘হ্যারি পটার’ সিরিজ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে-এমন তথ্য নিশ্চিত নয়। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানিয়েছে, সিরিজটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। পুরোনো চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের পরিবর্তে নতুনদের নিয়ে তৈরি হচ্ছে এই টেলিভিশন সিরিজ।

জ/দি


Advertisement
থেকে আরও
আরো খবর ⇒
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত