মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-28T20:04:41+06:00
2026-11-28T20:04:41+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৪ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও গত অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য সরকারের।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের অন্যতম প্রধান বিষয় মূল্যস্ফীতি। এটি অভ্যন্তরীণ ও আমদানিজনিত-এই দুই ধরনের। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য এবং খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো হয়েছে।

অর্থমন্ত্রী জানান, আগের শাসনামলে সার্বিক মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে পৌঁছেছিল। গত অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।

স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে।

দেশের ঋণ পরিস্থিতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, এই বিভাগের মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি এবং মাথাপিছু ঋণের হিসাব সম্পর্কে জানতে পারবেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত