দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা দুই দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ২ হাজার ১০০ টাকা বাড়ল।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরিতে ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
এর আগে ২৫ নভেম্বর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছিল। তবে ২৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা ৯ দফায় সোনার দাম সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমিয়েছিল বাজুস।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৯ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো হয় এবং ২৯ দফায় কমানো হয়েছিল।
জ/শা