স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) তেহরানে এক অনুষ্ঠানের ফাঁকে সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই। তিনি বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। স্থলযুদ্ধের ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কেও প্রতিপক্ষ ভালোভাবে অবগত।
তিনি আরও জানান, যুদ্ধ শুরুর আগেই সেনাবাহিনীর স্থলবাহিনী দেশের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছিল। পাশাপাশি ইরানের স্থলসীমান্ত রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও আগাম পরিকল্পনাও নেওয়া হয়েছিল।
নেমাতির মতে, ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন ঘটনা ও সংঘাতের সময় সেনাবাহিনীর স্থলবাহিনী অন্য সামরিক বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই।
সাম্প্রতিক সামরিক ঘটনাপ্রবাহে স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। নেমাতি বলেন, ১২ দিনের যুদ্ধের শুরু থেকেই এসব ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইরানি এই সেনা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং জনগণের উপস্থিতি; এ দুটি বিষয় প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি। সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ করে জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে এবং সীমান্তসহ প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি বজায় রাখলে উদ্বেগের কোনো কারণ নেই।
দেশটির সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে নেমাতি বলেন, ইরানের সঙ্গে ১৪টি দেশের সীমান্ত রয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে অস্থিতিশীলতা থাকলেও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার কারণে ইরানের সীমান্তে নিরাপত্তা বজায় রয়েছে।
জ/বা