তারকাদের জমজমাট উপস্থিতিতে এগিয়ে চলছে দেশের গণমাধ্যমগুলোর অংশগ্রহণে আয়োজিত এবিজি মিডিয়া কাপের প্রস্তুতি। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের গ্রুপ বিন্যাস লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। বিশ্বকাপের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত অনুষ্ঠানে এই লটারি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গ্রুপ পর্বে কোন গণমাধ্যমের দল কার মুখোমুখি হবে, তা নির্ধারিত হয়েছে।
লটারিতে গ্রুপ ‘এ’-তে স্থান পেয়েছে এ-১ এনটিভি, এ-২ প্রতিদিনের বাংলাদেশ, এ-৩ চ্যানেল ওয়ান, এ-৪ দেশ রূপান্তর, এ-৫ রেডিও ক্যাপিটাল ও এ-৬ দীপ্ত টিভি। গ্রুপ ‘বি’-তে রয়েছে বি-১ দৈনিক ইত্তেফাক, বি-২ চ্যানেল আই, বি-৩ সময় টিভি, বি-৪ এখন টিভি, বি-৫ খবরের কাগজ ও বি-৬ কালের কণ্ঠ।
গ্রুপ ‘সি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে সি-১ এশিয়ান টিভি, সি-২ দেশ টিভি, সি-৩ দ্য ওয়েব টোয়েন্টিফোর, সি-৪ আরটিভি, সি-৫ ডেইলি সান ও সি-৬ কালবেলা। গ্রুপ ‘ডি’-তে রয়েছে ডি-১ এশিয়া পোস্ট, ডি-২ ঢাকা পোস্ট, ডি-৩ ডিভিসি নিউজ, ডি-৪ স্টার নিউজ, ডি-৫ বাংলাদেশ প্রতিদিন ও ডি-৬ নয়া দিগন্ত।
গ্রুপ ‘ই’-তে জায়গা পেয়েছে ই-১ ক্রিকফ্রেঞ্জি ডটকম, ই-২ টাইমস অব বাংলাদেশ, ই-৩ দ্য নিউজ, ই-৪ টাইমস টুডে, ই-৫ দৈনিক আমাদের সময় ও ই-৬ নিউজ টোয়েন্টিফোর। গ্রুপ ‘এফ’-এ রয়েছে এফ-১ বাংলা ভিশন, এফ-২ বিডি ক্লিকটাইম, এফ-৩ আজকের পত্রিকা, এফ-৪ নাগরিক টিভি, এফ-৫ বাংলানিউজ ও এফ-৬ ঢাকা ট্রিবিউন।
অন্যদিকে, গ্রুপ ‘জি’-তে লড়বে জি-১ ঢাকা জার্নাল, জি-২ মাছরাঙা, জি-৩ সমকাল, জি-৪ গ্রিন টিভি, জি-৫ টি স্পোর্টস ও জি-৬ দ্য নিউ ন্যাশন। গ্রুপ ‘এইচ’-এ রয়েছে এইচ-১ যমুনা টিভি, এইচ-২ এটিএন নিউজ, এইচ-৩ যুগান্তর, এইচ-৪ এটিএন বাংলা, এইচ-৫ বিটিভি ও এইচ-৬ জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম।
৪৮টি দলের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ায় টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক পর্বের প্রস্তুতিও পেয়েছে নতুন গতি। গ্রুপ পর্বে বিভিন্ন গণমাধ্যমের দলের মুখোমুখি লড়াই ঘিরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও আগ্রহ।
দেশের ৪৮টি গণমাধ্যমের অংশগ্রহণে বিশ্বকাপের আদলে আয়োজন করা হচ্ছে এবারের এবিজি মিডিয়া কাপ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থাও। আয়োজনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি অংশগ্রহণ ও আনন্দকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ১৭ ডিসেম্বর।
জ/দি