নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয় দর্শক

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-27T19:00:38+06:00
2026-11-27T19:00:38+06:00
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয় দর্শক
বিনোদন ডেস্ক
⏲ ৭:০০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের আগ্রহ কমেনি। বরং ভিপিএন ব্যবহার করে কিংবা গোপনে দলবদ্ধভাবে পাকিস্তানি নাটক দেখছেন অনেকে। বিশেষ করে ‘দার-এ-নিজাত’ নামের একটি রোমান্টিক নাটক ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান সম্প্রতি নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সেখানে সর্বোচ্চ ৪৫ জনের উপস্থিতি আশা করা হলেও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি। নাটকটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এর বিভিন্ন দৃশ্য ভাগাভাগি করছেন এবং পর্ব নিয়ে আলোচনা করছেন। বিভিন্ন শহরে দলবদ্ধভাবে নাটক দেখার আয়োজনও করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের আপত্তিতে বেঙ্গালুরুতে নির্ধারিত দুটি প্রদর্শনী বাতিল হয়েছে।

২০২৫ সালের মে মাস থেকে ভারতের প্রচারমাধ্যমগুলোতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচার নিষিদ্ধ রয়েছে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এর আগে একই বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।

নিষেধাজ্ঞা এড়াতে অনেক ভারতীয় দর্শক ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন। পাকিস্তানি নাটকের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাকিস্তানের বিনোদনমাধ্যম এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জেরজিস সেজা মনে করেন, ভারতীয় দর্শকদের পাকিস্তানি নাটক দেখা বন্ধ করা কঠিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটক দেখার পথ কঠিন করা যায়, কিন্তু দর্শকদের আগ্রহ থামানো যায় না। তুমি এটা থামাতে পারবে না।’

নাটকটি ঘিরে ভক্তদের উন্মাদনাও সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট। তৈরি হয়েছে অসংখ্য ফ্যানপেজ। এসব পেজে নিয়মিত নাটকের দৃশ্য, সংলাপ ও চরিত্র নিয়ে আলোচনা করছেন দর্শকরা। কেউ প্রিয় চরিত্রের ছবি ও ভিডিও ভাগাভাগি করছেন, আবার কেউ অপেক্ষায় থাকছেন নতুন পর্বের। ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে একটি বাক্যও বেশ জনপ্রিয় হয়েছে—‘ধৈর্যের ফল চাই না, আমাদের আবু বকর চাই।’

সংশ্লিষ্টদের মতে, ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার পেছনে দুই দেশের সাংস্কৃতিক মিল, বাস্তবধর্মী গল্প এবং নির্মাণের মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের ধারণা, প্রযুক্তির বিস্তারের ফলে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ছে, যা পারস্পরিক ভুল ধারণা ও দূরত্ব কমাতেও ভূমিকা রাখতে পারে। সূত্র: আল জাজিরা

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত