পোশাক ভাড়া দিয়েই মাসে ৬ লাখ টাকা আয় সাবেক ওয়াল স্ট্রিট কর্মীর

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-11-28T19:55:54+06:00
2026-11-28T19:55:54+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
লাইফ স্টাইল
পোশাক ভাড়া দিয়েই মাসে ৬ লাখ টাকা আয় সাবেক ওয়াল স্ট্রিট কর্মীর
লাইফস্টাইল ডেস্ক
⏲ ৭:৫৫ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
নিজের ব্যবহৃত পোশাক অনলাইনে ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় ৫ হাজার ডলার বা ৬ লাখ টাকার বেশি আয় করছেন ওয়াল স্ট্রিটের সাবেক কর্মী ওয়েন সং। মাত্র কয়েকটি পোশাক দিয়ে শুরু করা তার এই উদ্যোগ এখন বড় ব্যবসায় রূপ নিয়েছে। বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় ৪৬০টি পোশাক।

৩৫ বছর বয়সী ওয়েন সং দেখিয়েছেন, আলমারিতে থাকা পোশাক ভাড়া দিয়েও গড়ে তোলা সম্ভব লাভজনক ব্যবসা। দীর্ঘ সাত বছর আর্থিক খাতে কাজ করার পর একঘেয়ে কর্মজীবন থেকে বেরিয়ে নতুন কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। সেই ভাবনা থেকেই অনলাইনে পোশাক ভাড়ার ব্যবসা শুরু করেন।

সংবাদমাধ্যম ‘বিজনেস ইনসাইডার’কে ওয়েন সং জানান, গত বছরের মে মাসে পোশাক ভাড়া দিয়ে আয় করার বিষয়ে একটি নিবন্ধ পড়েন তিনি। এরপর নিজের সংগ্রহে থাকা ভালো মানের পোশাকগুলো ভাড়া দেওয়ার চিন্তা করেন। শুরুতে একটি অনলাইন প্ল্যাটফর্মে নিজের ব্যবহৃত কয়েকটি পোশাক ভাড়ার জন্য তালিকাভুক্ত করেন। অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের কাছ থেকে সাড়া পেতে শুরু করেন।

প্রথম দিকে পোশাক পাঠানো ও গ্রাহকসেবা সামলাতে কিছুটা সমস্যায় পড়লেও ধীরে ধীরে কাজের সঙ্গে মানিয়ে নেন তিনি। একপর্যায়ে ওই প্ল্যাটফর্মে ‘স্টার লেন্ডার’ বা সেরা ভাড়াদাতাদের একজন হয়ে ওঠেন।

ওয়েন সংয়ের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল নাগাদ তার মাসিক আয় নিয়মিত ৫ হাজার ডলারে পৌঁছায়। আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় নতুন পোশাক কেনার জন্যও বিনিয়োগ শুরু করেন। বর্তমানে তার সংগ্রহে প্রায় ৪৬০টি পোশাক রয়েছে। চাহিদাসম্পন্ন পোশাকের একাধিক কপিও কিনে রাখছেন তিনি, যাতে একই সময়ে একাধিক গ্রাহকের চাহিদা পূরণ করা যায়।

ব্যবসার সাফল্যের পেছনে পোশাকের ভাড়া নির্ধারণের কৌশলকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওয়েন সং। বোস্টনের বাইরের গ্রাহকদের পোশাক পরিবহনের জন্য আলাদা খরচ বহন করতে হয়। এ কারণে অন্যান্য বড় শহরের তুলনায় নিজের পোশাকের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ কম রাখেন তিনি। এতে গ্রাহকদের কাছে পোশাকগুলো তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে এবং বুকিংও বাড়ে।

সং জানান, ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে গ্রাহকদের সঙ্গেও তার সুসম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে বেশ কয়েকজন নিয়মিত গ্রাহক রয়েছেন, যারা তার সেবার ওপর আস্থা রাখেন। তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে ব্যবসা আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগায়।

পোশাক ভাড়ার ব্যবসায় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিয়মিত ফ্যাশন ট্রেন্ডের ওপর নজর রাখেন ওয়েন সং। ভাইরাল ও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে-এমন পোশাক সংগ্রহে রাখার চেষ্টা করেন তিনি। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বাজার বিশ্লেষণ ও গবেষণাও করেন।

তার মতে, প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘণ্টা গবেষণা ও পোশাক কেনাকাটার পেছনে ব্যয় করেন তিনি। কাজটি তার কাছে অনেকটা ওয়াল স্ট্রিটে অপশনস ট্রেডার হিসেবে একসঙ্গে একাধিক স্ক্রিনে বাজার পর্যবেক্ষণের মতো।

বর্তমানে ওয়েন সং মূলত ব্যক্তিগত শেফ হিসেবে কাজ করছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পোশাক ভাড়ার ব্যবসা। তিনি জানান, সাধারণত সপ্তাহে দুদিন রান্নার কাজ করেন। বাকি দিনগুলো পোশাক ভাড়ার ব্যবসা পরিচালনায় ব্যয় করেন।

নিজের আলমারিতে থাকা কয়েকটি পোশাক দিয়ে শুরু করা উদ্যোগটি এখন তার আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। সঠিক মূল্য নির্ধারণ, ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ধারণা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক-এই তিন কৌশলকে কাজে লাগিয়েই ব্যবসাটি বড় করেছেন ওয়েন সং।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত