বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট, ২২ ও ২৩ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৬ আয়োজন এবং তুরস্কে অনুষ্ঠিতব্য গামা (এঅগগঅ) বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে জাতীয় ক্রিড়া পরিষদের হল রুমে সাধারণ সম্পাদক মাহফুজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ইশরাক হোসেন। সভায় কনফেডারেশনের সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন খানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ব্রাদার্স ব্ল্যাক মাঠে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ২২ ও ২৩ ডিসেম্বর আয়োজন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৬। পাশাপাশি আগামী ২ থেকে ৮ ডিসেম্বর তুরস্কে অনুষ্ঠিতব্য গামা বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নেবে।
সভাপতির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারীদের মার্শাল আর্টে প্রশিক্ষিত করার মাধ্যমে আত্মরক্ষার সক্ষমতা বাড়ানো এবং ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও সক্ষমতা তৈরি করা সম্ভব।
সাধারণ সম্পাদক মাহফুজ হাসান বলেন, মার্শাল আর্টকে শুধু রাজধানীকেন্দ্রিক রাখলে চলবে না। উপজেলা পর্যায়ে এ খেলার প্রসার ঘটাতে হবে। দেশের তরুণ ও যুবকদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার মাধ্যমে মার্শাল আর্টের চর্চা ছড়িয়ে দিতে হবে।
জ/বা