ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জাতীয় নির্বাচনে একসঙ্গে থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পৃথক কৌশলে এগোচ্ছে ১১ দলীয় জোটের এই দুই শরিক। সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দল দুটি।
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন যাচাই করতে চায় জামায়াত ও এনসিপি। দুই দলের পৃথক নির্বাচনী প্রস্তুতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় পর্যায়ে একসঙ্গে থাকা দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে আলাদা মেয়র প্রার্থী ঘোষণার পর এ আলোচনা আরও জোরালো হয়েছে।
তবে দুই দলের নেতারা বলছেন, স্থানীয় নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে জোটের ঐক্যের কোনো বিরোধ নেই। সংসদকেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রমে তাদের সমঝোতা ও সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার সুযোগ নিতে চায়। নির্বাচনে পৃথক অবস্থান নিলেও বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও আন্দোলনে জামায়াত-এনসিপির ঐক্য অটুট থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় পর্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে থাকলেও স্থানীয় নির্বাচনে যৌথ প্রার্থী দেওয়ার বিষয়ে একমত হতে পারেনি জামায়াত ও এনসিপি। এ কারণে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা যাচাইয়ে পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই দল।
এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অংশ না হয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন এবং সম্ভাব্য প্রার্থী প্রস্তুতের কাজও চালিয়ে যাচ্ছে তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও এনসিপির নির্বাচনী কৌশলের পার্থক্য সবচেয়ে স্পষ্ট হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে।
গত ৪ অক্টোবর রাজধানীর একটি অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
অন্যদিকে, এনসিপি গত ২৯ মার্চ প্রথমে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছিল। পরে ঢাকার দুই সিটিতে প্রার্থী পরিবর্তন করে দলটি। গত ৩০ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন করে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এনসিপি অন্তত একটি সিটি করপোরেশনে জামায়াতের সমর্থন চেয়েছিল। তবে জামায়াত দুই সিটিতেই নিজস্ব প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় যৌথ প্রার্থীর বিষয়ে সমঝোতা হয়নি। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ জাতীয় পর্যায়ের কয়েকটি রাজনৈতিক ইস্যুতেও দল দুটির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। ফলে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে দুই দলের নেতারা ১১ দলীয় জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নিয়ে তৃণমূলে নিজেদের সাংগঠনিক অবস্থান যাচাই করতে চায় জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে পরিচিতি, জনপ্রিয়তা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু নির্বাচনে অংশ নেওয়াই নয়, স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান কতটা শক্তিশালী হয়েছে, সেটিও যাচাই করতে চায় জামায়াত।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনে জোটগত সমঝোতা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ১১ দলের শরিকেরা পৃথকভাবে অংশ নেবে। অধিকাংশ এলাকায় প্রার্থী প্রস্তুতের কাজ চলছে। প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রতিটি রাজনৈতিক দল বা সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়ানোর অন্যতম মাধ্যম। সেই বিবেচনায় ১১ দলীয় জোটের শরিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন ভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে এতে জোট ভাঙার কোনো বিষয় নেই।
তিনি আরও বলেন, এই জোট মূলত সংসদকেন্দ্রিক। সংসদে বিভিন্ন ইস্যুতে দলগুলো একসঙ্গে কাজ করছে। অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় নিজ নিজ দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং দলীয় অবস্থান তৈরি করাই মূল লক্ষ্য।
জ/দি