গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ) শত শত নেতা-কর্মী আজ রোববার সকাল থেকে রাস্তায় নামতে শুরু করে। বিভিন্ন গ্রাম হতে আগত নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি-সোঁটা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে চারদিক থেকে শহরে প্রবেশ করে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে জেলা শহর। তারা অবস্থান নেয় বঙ্গবন্ধু সড়কের পৌরসভার সামনে হতে লঞ্চঘাট এলাকা ছাড়িয়ে আরো সামনে পর্যন্ত। ওই সড়কের পৌরসভা কার্যালয়ের দক্ষিণ দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নেয় নেতা কর্মীরা। এসব এলাকায় সড়কের উপর কয়েকটি স্থানে তারা টায়ারে অগ্নিসংযোগ করে।
উত্তেজিত নেতাকর্মীরা গোপালগঞ্জ সরকারি কলেজের সাইনবোর্ড ভেঙ্গে সেখানে কলেজটির পূর্বের নাম সরকারি বঙ্গবন্ধু কলেজ লেখা ব্যানার টানিয়ে দেয়। স্টান্ডার্ড ব্যাংকের সামনে পুলিশ বক্সের পাশে দাড়িয়ে থাকা পুলিশের সাঁজোয়া যানে কেউ একজন লাল কালী দিয়ে জয় বাংলা লিখে দিয়েছে।
দীর্ঘদিন পর শতশত নেতাকর্মী বঙ্গবন্ধুর বাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সমবেত হয়।
গোপালগঞ্জ জেলা শহরের নতুন স্টেডিয়ামের সামনের বটতলা গোলচত্বর এলাকায় অবস্থান নেয়া নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন খান। তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যের এক পর্যায়ে সালাহ উদ্দিন খান গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানকে গোপালগঞ্জে অবান্চিত ঘোষণা করেন। বঙ্গবন্ধুর বাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জে আগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মীদের একজন আবারও আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর টুঙ্গিপাড়াস্থ বাড়ী আক্রমণের হুমকি প্রদান করেন।
এদিকে এক দল ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারন শিক্ষার্থী পরিচয় দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ হাদি চত্বরে মুক্তিযোদ্ধা চত্বর লেখা ব্যানার পুনরায় টানিয়ে দেন।
এছাড়াও গোপালগঞ্জ জেলা জজ আদালত চত্বরে সকালে গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির আওয়ামী লীগ পন্থী সদস্যরা প্রতিবাদ সমাবেশ করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবি ও আইন সহায়ক পরিষদের সদস্য অ্যাড. মহিউদ্দিন আহমেদ রুদ্রের মুক্তির দাবীতে।
এ ছাড়া সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড.জুলকদর ইসলাম,অ্যাড. নাসির মোল্ল্যা,অ্যাড. কামাল হোসেন প্রমুখ। পরে তারা জেলা জজ আদালতের সামনের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন।
জ/বা