ইরানের সঙ্গে আপাতত নতুন করে যুদ্ধে জড়াতে আগ্রহী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখতে চায় তাঁর প্রশাসন। শুক্রবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্পকে প্রতিদিন একাধিকবার গোয়েন্দা তথ্যের হালনাগাদ প্রতিবেদন দেওয়া হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, ‘এখন বেশ স্পষ্ট যে ট্রাম্প আপাতত আবার যুদ্ধে ফিরতে চান না।’
প্রতিবেদন অনুযায়ী, সংঘাত অষ্টম মাসে গড়ানোর প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন একটি মধ্যপন্থা অবলম্বন করেছে। তাদের বর্তমান কৌশল হলো-নতুন করে যুদ্ধ নয়, আলোচনা নয়, আবার স্থায়ী শান্তিও নয়। অর্থাৎ বিদ্যমান পরিস্থিতি বজায় রেখে ইরানের ওপর চাপ অব্যাহত রাখা।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা তিনি বন্ধ করেছেন। এ বিষয়ে আর সময় ব্যয় না করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্য ইস্যুতে মনোযোগ দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা বর্তমান অবস্থাই বজায় রাখছি।’
তবে পরিস্থিতিকে অচলাবস্থা হিসেবে দেখতে রাজি নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও অভিযানের প্রভাব এতটাই কার্যকর হচ্ছে যে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই বলে মনে করছেন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলেও আখ্যা দেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় তেহরান। এর প্রভাব ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায়। একই সময়ে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে নৌচলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি ও দ্য ওয়াশিংটন পোস্ট
জ/দি