গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী হোসেন পাইকারি মার্কেটের প্রায় ১০০টি দোকান ও একটি গার্মেন্টস কারখানা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্ত হওয়া বিচারক মো. আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে। তাঁর স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীমের পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন জেলায় একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। সর্বশেষ মার্কেটের মালিককে তুলে নিতে ব্যর্থ হয়ে তাঁর বাসার কেয়ারটেকারকে অপহরণের অভিযোগও তুলেছেন তাঁরা। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।
গতকাল রোববার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন হাজী হোসেন পাইকারি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এ সময় সমিতির সহসভাপতি নাসিরউদ্দিন খান, আ. লতিফ মৃধা, আব্দুর রউফ ও দপ্তর সম্পাদক মো. কাউসারসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ বলেন, মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের জেরে আরিফুল ইসলাম তাঁর স্ত্রীর পক্ষে একাধিকবার দোকান দখলের চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা দোকানিদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের কাছে দোকান বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদ করায় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও যশোরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগে মামলা করা হয়েছে। এসব মামলার কয়েকটির নিষ্পত্তি তাঁদের পক্ষে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে একটি ধর্ষণ মামলার সময় নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ী নেতারা। তাঁদের বক্তব্য, ২০২৬ সালের ৫ জুলাই যশোরের কোতোয়ালি থানায় তাঁদের একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমানের উপস্থিতিতে শত শত মানুষের অংশগ্রহণে মার্কেটের বিরোধ নিষ্পত্তিতে আপস-মীমাংসার বৈঠক হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজ তাঁদের কাছে রয়েছে।
কাজী আবুল কালাম আজাদের দাবি, মামলাটির তদন্ত কর্মকর্তা চ্যানেল ২৪-কে বাদীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের সূত্র ধরে মামলাটি হয়েছে বলেও তদন্ত কর্মকর্তার বক্তব্যে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
ব্যবসায়ীদের অভিযোগ, দোকান ও মার্কেটের একটি অংশের দখল নিতে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। এক নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দেওয়ার ভিডিও ফুটেজও রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অভিযোগের সর্বশেষ ঘটনা ঘটে গত ৯ নভেম্বর। ব্যবসায়ী নেতাদের দাবি, নম্বরপ্লেটবিহীন একটি মাইক্রোবাসে করে মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিদকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তাঁকে না পেয়ে তাঁর বাসার কেয়ারটেকারকে গাড়িতে তুলে কয়েক ঘণ্টা বিভিন্ন স্থানে ঘোরানোর পর ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আরিফুল ইসলামের স্ত্রীর নামে প্রকাশিত ‘আলোকিত স্বদেশ’ পত্রিকাকে ব্যবহার করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মার্কেটের বিরোধ নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিকদের বিরুদ্ধেও কুৎসা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
কাজী আবুল কালাম আজাদ জানান, এসব বিষয়ে থানা-পুলিশ, জেলা প্রশাসন, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। করা হয়েছে সাধারণ ডায়েরিও (জিডি)। কিন্তু এখনো তাঁরা কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ ব্যবসায়ীদের।
স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
জ/বা