আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড, যার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে ১০০টি সেঞ্চুরি এবং সর্বোচ্চ ৩৪ হাজার ৩৫৭ রান করার কীর্তি উল্লেখযোগ্য। ক্যারিয়ারের সাফল্যের অন্যতম সঙ্গী ব্যাট নিয়ে সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন ভারতীয় এই কিংবদন্তি।
জানা গেছে, নিজের রেকর্ডগড়া ইনিংসের সাক্ষী ২৬টি ব্যাট মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শারদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে উপহার দিচ্ছেন শচীন। আগামী ১৬ নভেম্বর জাদুঘরটির উদ্বোধন হবে। সেখানে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক হিসেবে হেলমেট, জার্সি ও ব্যক্তিগত নোটও সংরক্ষণ করা হবে।
এরই মধ্যে শৈশবের আরেক সঙ্গীর গল্প সামনে এনেছেন শচীন। ৪৯ বছর আগে ছোটবেলায় যে ব্যাট দিয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, সেই ব্যাটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ব্যাটের গল্প বলি, ৪৯ বছর পরেও আমার সঙ্গী।’
শৈশব থেকে পেশাদার ক্রিকেট-দীর্ঘ পথচলায় ব্যাটের সঙ্গে জড়িয়ে আছে শচীনের অসংখ্য স্মৃতি। গত ১০ সেপ্টেম্বরও ব্যাট নিয়ে নিজের বিশেষ অভ্যাসের কথা জানিয়েছিলেন তিনি। সেদিন প্রকাশিত একটি ছবিতে কাঠের কাজের সরঞ্জাম দিয়ে ব্যাটের আকৃতি ঠিক করতে দেখা যায় তাঁকে।
ছবির ক্যাপশনে শচীন লিখেছিলেন, ‘আমার কাছে ব্যাট কখনোই কেবল খেলার সরঞ্জাম ছিল না। আমার হাতে ব্যাটটি ঠিক কেমন অনুভব হবে, তার প্রতিটি খুঁটিনাটি বিষয় আমার জানা ছিল। তাই প্রায়ই আমি আমার কাঠের কাজের সরঞ্জাম বের করে নিজেই তাতে হাত লাগাতাম।’
ব্যাটের আকৃতি ও প্রয়োজনীয় পরিবর্তন নিজের পছন্দমতো করে নেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পেতেন বলে জানান তিনি। শচীনের ভাষায়, ‘আকৃতি দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় পরিবর্তন আনা, যতক্ষণ না সেটি আমার মনের মতো হতো। সম্ভবত এই কারণেই সেই ছোট ছোট মুহূর্তগুলো আমার এত প্রিয়। আসলে বিষয়গুলো ব্যাট নিয়ে ছিল না, বরং ব্যাটটিকে নিজের মতো করে গড়ে তোলার মধ্যেই ছিল আসল আনন্দ।’
জ/দি