'কৃষি আশা, কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও রবি মৌসুমে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার দেওয়া হচ্ছে। সরকারি এ সুবিধা থেকে যেন কোনো প্রকৃত কৃষক বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাবাব ফারহান।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মো. জাহিদুল হক মুক্তার, মামুন হোসেন বরাদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্যসচিব মো. আলম প্রামাণিক এবং বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় বেলকুচি উপজেলার ১১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পর্যায়ক্রমে সরিষা, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মাধ্যমে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এ উদ্যোগ।
জ/বা