অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে এখন পর্দায় আগের তুলনায় কম দেখা গেলেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি চোখে পড়ে। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের কাজ, ব্যক্তিজীবন ও ভ্রমণের অভ্যাস নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, এখন আর যেকোনো নাটক বা কাজে যুক্ত হতে চান না। পাশাপাশি নিজের অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) থাকার কথাও প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রভা বলেন, এখন এমন কাজই করতে চান, যা তাঁর শিল্পীসত্তাকে তৃপ্তি দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটা সময় পর্দায় প্রয়োজন ছিল। এখন আমি ফিল করি, আমার যে শিল্পীসত্তা, সেটা আসলে কাজে লাগাতে চাই। যে কাজ করে আমি তৃপ্তি পাব, যে কাজ করে আমার মনে হবে, আমি একজন অ্যাক্টর এবং এই কাজটা করে মনে হয়েছে ভালো কাজ করেছি। কারণ বহু বছর ভালো কাজ, খারাপ কাজ, অনুরোধের কাজ; সব রকমের কাজ আমাকে করতে হয়েছে। আমি এখন আর এসব কাজ করতে চাই না।’
নিজের ওসিডির কারণে শুটিংয়ের পরিবেশে কিছুটা অসুবিধা হয় বলেও জানান এই অভিনেত্রী। বিশেষ করে সিগারেটের গন্ধ তাঁর জন্য অস্বস্তিকর। নিজের জীবনযাপনের ধরন তুলে ধরে প্রভা বলেন, ‘আমি বারবারই বলি, আমি খুব একটা শুটিং ফ্রেন্ডলিও না। কারণ আমার প্রচুর ওসিডি আছে। সিগারেটের গন্ধও আমাকে প্রভাবিত করে। আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং খুব নিয়ম মেনে জীবনযাপন করতে পছন্দ করি। সকালে ঠিক সময়ে উঠব, অফিসে যাব, অফিস থেকে জিমে যাব। এরপর বাসায় ফিরে ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এই জীবনটা আমি অনেক উপভোগ করি।’
অনুষ্ঠানে নিজের ভ্রমণের অভ্যাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করা নিয়েও কথা বলেন প্রভা। জানান, কাজের ব্যস্ততার কারণে খুব বেশি ছুটি পান না তিনি। তবে কাজের প্রয়োজনে কিংবা নিজের শখে বিভিন্ন জায়গায় ঘুরতে যান।
সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেন অভিনেত্রী। পুরোনো ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় অনেকে মনে করেন, তিনি প্রায়ই বিদেশে থাকেন। তবে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় আগের তোলা ছবি ও ভিডিওই পোস্ট করেন বলে জানান প্রভা।
জ/দি