দীপাবলি উদ্যাপনে একসঙ্গে দেখা গেছে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সোহিনী। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, দেবের আগামী সিনেমা ‘টনিক ২’-এ কি অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী?
গত পূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘দেশু ৭’। ছবির প্রচার ও মুক্তির ব্যস্ততা শেষে নরওয়ে ঘুরতে যান অভিনেতা। সেখান থেকে ফিরে অংশ নেন সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে। এ সময় নিজের পরবর্তী কাজ নিয়েও কথা বলেন তিনি। দেব জানান, তার আগামী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। এরপর ‘টনিক ২’-এর প্রস্তুতি শুরু করবেন তিনি।
সম্প্রতি দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশের পর সোহিনীর নতুন সিনেমায় অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বৃহস্পতিবার ‘মৃগয়া ১.৫’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী। সিনেমাটি ইতোমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী।
দেবের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে সোহিনী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছি। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা না-ও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়। আশা করি, এ বিষয়েও সময়ই উত্তর দেবে।’
তিনি আরও বলেন, ‘যদি সত্যিই একসঙ্গে কাজ করতে পারি, তাহলে খুবই উত্তেজিত হব। দেব সবার পছন্দের তারকা। দেখা যাক কী হয়।’ সোহিনীর বক্তব্যে দেবের নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাবনা একেবারে নাকচ করেননি তিনি।
এদিকে শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির কাজ শেষে নতুন সিনেমার কাজে মনোযোগ দেবেন দেব। নিজের জন্মদিন উদ্যাপন করে নতুন বছরে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
জ/দি