ক্রেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-14T16:33:30+06:00
2026-11-14T16:33:30+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
ক্রেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন কাজল আগারওয়াল
বিনোদন ডেস্ক
⏲ ৪:৩৩ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- কাজল আগারওয়াল
Advertisement
একটি দুর্ঘটনাই বদলে দিতে পারে জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিংয়ে ভয়াবহ এক ক্রেন দুর্ঘটনার মুখে পড়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ে শুটিং সেটে। এতে প্রাণ হারান তিন কর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাজল। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে কাজল জানান, ওই দুর্ঘটনার পর জীবন এবং সৃষ্টিকর্তার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং। সেদিন সেটে উপস্থিত ছিলেন কাজল ও কমল হাসান। একটি দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল। শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে মনিটরের কাছে বসেছিলেন তিনি। হঠাৎ সেটে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন সবাই।

দুর্ঘটনা থেকে বাঁচতে দৌড়ানোর সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান কাজল। এরপর পেছনে ফিরে তাকাতেই দেখতে পান, বিশাল একটি ক্রেন তাঁর দিকে ভেঙে পড়ছে।

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে। কী ঘটছে, কিছুই বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’

ঠিক সেই সময় কেউ একজন তাঁকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ক্রেনটি আছড়ে পড়ে তাঁর একেবারে পাশেই। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান অভিনেত্রী।

কাজলের ভাষ্য, ওই দুর্ঘটনা তাঁকে নতুন করে জীবনকে বুঝতে শিখিয়েছে। দীর্ঘদিন ধরে আতঙ্ক ও কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি কাজ করেছে তাঁর মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহও বেড়েছে। বিশেষ করে কৃষ্ণের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে তাঁর। জীবন কতটা অনিশ্চিত, সেই উপলব্ধি তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে কমল হাসান অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিনেমাটির শুটিংয়ে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনো ভুলতে পারেননি কাজল আগারওয়াল।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত