‘সত্যিকারের ভালো অভিনেত্রীদের জয়জয়কার নেই’, আক্ষেপ শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-11T12:34:53+06:00
2026-11-11T12:34:53+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
‘সত্যিকারের ভালো অভিনেত্রীদের জয়জয়কার নেই’, আক্ষেপ শবনম ফারিয়ার
বিনোদন ডেস্ক
⏲ ১২:৩৪ পিএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের বিনোদন অঙ্গনে প্রকৃত অভিনয়শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, পোশাক-আশাক ও নানা অপ্রাসঙ্গিক বিষয় নিয়েই বেশি আলোচনা হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, যোগ্যতা ও অভিনয়দক্ষতার ভিত্তিতে যেসব অভিনেত্রী আরও বেশি প্রশংসা ও স্বীকৃতি পাওয়ার দাবিদার, তাঁরা অনেক সময় যথাযথ আলোচনায় আসেন না।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জয়া আহসান, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষাসহ একাধিক অভিনেত্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন ফারিয়া। তাঁদের কাজের মূল্যায়ন এবং অভিনয় নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

পোস্টে ফারিয়া লেখেন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রী আছেন, যাঁরা অভিনয়ের বাইরে অপ্রয়োজনীয় বিনোদনমূলক কর্মকাণ্ডে যুক্ত হন না। এ কারণে তাঁদের প্রতি দর্শকের আগ্রহ হয়তো তুলনামূলক কম। এ প্রসঙ্গে প্রথমেই জয়া আহসানের নাম উল্লেখ করেন তিনি।

জয়া আহসানের সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে ফারিয়া লেখেন, অভিনয়ের বাইরে তাঁর পোষ্য প্রাণী, গাছপালা ও বাগানবাড়ি রয়েছে। ব্যাগ, জুতা ও ঘড়ির প্রতি আগ্রহীদের উদ্দেশে তিনি আরও বলেন, জয়ার ব্যাগ ও ঘড়ির সংগ্রহও বেশ আকর্ষণীয়; এমনকি তাঁর জামদানি সংগ্রহের চেয়েও সুন্দর বলে মনে হয় ফারিয়ার।

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন তিনি। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’-এই দুটি সিরিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে ফারিয়া লেখেন, ‘স্পর্শের বাইরে’ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। তাঁর অভিনয়দক্ষতার প্রশংসা করে ফারিয়া জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সানজিদা প্রীতি তখনও স্বল্পভাষী ছিলেন এবং প্রয়োজনের বাইরে খুব বেশি কথা বলতেন না।

নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়েও মুগ্ধতার কথা জানিয়েছেন ফারিয়া। তাঁর ভাষায়, নিজের প্রজন্মের এমন একজন অভিনেত্রী মৌসুমী, যাঁর অভিনয় দেখে তাঁর নিজেরও একইভাবে অভিনয় করতে ইচ্ছা হয়। মৌসুমীকে অত্যন্ত পরিশ্রমী এবং সহজাত অভিনয়প্রতিভার অধিকারী উল্লেখ করে ফারিয়া তাঁর চঞ্চল ও হাসিখুশি স্বভাবের কথাও তুলে ধরেন।

নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও আলাদা করে প্রশংসা করেন শবনম ফারিয়া। তাঁর মতে, অভিনয়ে শুধু সংলাপ নয়, চোখের অভিব্যক্তিও গুরুত্বপূর্ণ। অর্ষার চোখ কথা বলে উল্লেখ করে তিনি লেখেন, সুবর্ণা মুস্তাফার পর এই বিশেষ গুণটি তিনি অর্ষার মধ্যেই দেখেছেন।

অর্ষার সঙ্গে একটি নাটকে কাজের সুযোগ হাতছাড়া হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন ফারিয়া। তিনি জানান, কয়েক বছর আগে শিহাব ভাই তাঁকে একটি নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শিডিউলসংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি। পরে নাটকটিতে অর্ষা অভিনয় করেন। নাটকটি দেখার পর ফারিয়ার মনে হয়েছিল, শিডিউল সমস্যার কারণে তাঁর কাজটি না করাই ভালো হয়েছে। কারণ, অর্ষা চরিত্রটিতে যেভাবে অভিনয় করেছেন, তিনি নিজে হলে হয়তো সেই চরিত্রের প্রতি যথাযথ সুবিচার করতে পারতেন না।

এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নামও উল্লেখ করেছেন ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী অভিনয়দক্ষতার পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও আলাদা সুনাম অর্জন করেছেন।

পোস্টের শেষাংশে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার বিষয়বস্তু নিয়ে নিজের হতাশার কথা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, দামি পোশাক, বিদেশ ভ্রমণ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার বাইরে দেশে অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁরা অসাধারণ অভিনয় করেন, মার্জিত এবং সুন্দরভাবে কথা বলেন। অথচ তাঁদের কাজের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় নিয়েই বেশি আলোচনা হয়। এতে মনে হয়, বিনোদন অঙ্গনে শুধু অপ্রয়োজনীয় বিষয়গুলোরই জয়জয়কার। বিষয়টি এমন হওয়ার কথা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের প্রথম মন্তব্যে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন ফারিয়া। সেখানে তিনি জানান, যেসব অভিনেত্রীর অভিনয় তাঁর ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং যাঁরা আরও বেশি কাজ ও কাজ নিয়ে আলোচনার দাবিদার, তাঁদের নামই তালিকায় রেখেছেন। সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, শমী কায়সার কিংবা মেহজাবীন চৌধুরীর নাম উল্লেখ না করার কারণ হিসেবে তিনি বলেন, তাঁরা আন্ডাররেটেড নন এবং নিজেদের কাজের যথাযথ মূল্যায়ন পান। 

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত