বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। এ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নীতিমালা কার্যকর হবে।
নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে বয়স সাত বছরের কম থাকতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে।
শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় তা এক বছর বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। তবে গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর রাখা হয়েছে। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ভিন্ন সীমা নির্ধারিত হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে লটারি পদ্ধতি অনুসরণ করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীকে নিয়ে অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে মোট ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে দুই ঘণ্টা।
নীতিমালায় ভর্তি কার্যক্রমের প্রচার ও বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পর্কে প্রচারের ব্যবস্থা নেবে।
জ/দি