জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। একই সঙ্গে বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যবহার ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের মধ্যে তৈরি হওয়া স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও অবহিত করেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন উদ্যোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ জানিয়েছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান তিনি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
জ/দি