নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-11T16:33:15+06:00
2026-11-11T16:33:15+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৪:৩৩ পিএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- নেত্রকোণা প্রতিনিধি
Advertisement
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শিক্ষক ও খালাস পাওয়া তাঁর ভাই-দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির বিচার দ্রুততম সময়ে শেষ হয়েছে। মাত্র ৬০ দিনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের অভিযোগপত্র এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার প্রয়োজনে তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করেন।

চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতক কন্যাশিশু ও মামলার প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল সাংবাদিকদের জানিয়েছিলেন, পরীক্ষার ফলাফলে সাগরকে নবজাতকের জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে।

পরবর্তী সময়ে ২৭ আগস্ট পুলিশ আমান উল্লাহ মাহমুদী ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত প্রধান আসামি সাগরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। পাশাপাশি অপর আসামি মামুন মিয়াকে খালাস দেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত