বিয়ের প্রতিশ্রুতিতে প্রবাসী নারীর ২২ লাখ টাকার সম্পদ নেওয়ার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-11T16:39:00+06:00
2026-11-11T16:39:00+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বিয়ের প্রতিশ্রুতিতে প্রবাসী নারীর ২২ লাখ টাকার সম্পদ নেওয়ার অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৪:৩৯ পিএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- নেত্রকোণা প্রতিনিধি
Advertisement
নেত্রকোণায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক প্রবাসী নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে ২২ লাখ ৭০ হাজার টাকার সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছে জাকিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত জাকিরুল ইসলাম নেত্রকোণার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের ফজলুর হক আকন্দের ছেলে।

আদালতে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযোগকারী ২৯ বছর বয়সী ওই নারী নেত্রকোণা সদর উপজেলার বাসিন্দা। তিনি প্রবাসে থাকেন। অভিযোগে বলা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে জাকিরুল ইসলামের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জাকিরুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা নিতে থাকেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে একই বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে জাকিরুল ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে ২০২৬ সালের ৫ মার্চ তাঁর কাছ থেকে স্বর্ণালংকারও নেন, যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলিয়ে নেওয়া সম্পদের মোট মূল্য ২২ লাখ ৭০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই নারীর আরও অভিযোগ, জাকিরুল তাঁকে বিয়ের আশ্বাস দেওয়ার পাশাপাশি নেত্রকোণা পৌর শহরের সাতপাই এলাকায় একটি বাড়ি তাঁর নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেননি। উল্টো টাকা ও স্বর্ণালংকার ফেরত না দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৩ অক্টোবর ২০২৬ জাকিরুলের বাড়িতে গেলে তাঁকে অপমান ও দুর্ব্যবহার করে বের করে দেওয়া হয়। বর্তমানে জাকিরুল তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ রেখেছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী।

এ ঘটনায় ওই নারী জাকিরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাকিরুল ইসলামের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে গণমাধ্যমকর্মীর পরিচয় জানার পর তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল ধরেননি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত