শুধু মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জন করাই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে রূপ নেয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও ঘরে আনন্দের আলো জ্বালায়।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার সক্ষমতা গড়ে তোলে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন রয়েছে। তবে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ সৃষ্টি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ইতিবাচক। তবে সেই জেদকে স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর ইগো কমিয়ে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের জায়গায় নিয়ে যেতে হবে।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাঁদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের পরিবর্তনে পদ্মা-বুড়িগঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। ইন্টারমিডিয়েটে পড়ার সময় তাঁদের শিক্ষক রুহুল আমিন স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস অত্যন্ত চমৎকার ও আনন্দদায়কভাবে পড়াতেন। সেই উপন্যাসের সংলাপগুলো এখনো তাঁর কানে বাজে।
পাঠদানকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহী হয় এবং শ্রেণিকক্ষে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করতে পারে।
দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে রয়েছে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই ডানা মেলে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জ/দি