গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) ভোররাত ও সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড ও চক্ষু ইনস্টিটিউটের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার পর সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওবায়দুর খন্দকার। এ সময় একটি বালুবাহী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত ওবায়দুর খন্দকার সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের রাজেক মাস্টারের ছেলে। দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করেন। পরে সদর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, একই দিন ভোর ৪টা ৫ মিনিটে গোপালগঞ্জ চক্ষু ইনস্টিটিউটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাত্তার সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মালেক আলী সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সাত্তার সরদারের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সাত্তার সরদার মাদারীপুর সদর উপজেলার কাবিছউদ্দিনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে পুলিশ।
জ/দি