নেত্রকোণায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে ২২ লাখ ৭০ হাজার টাকার সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছে জাকিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে করা অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্ত জাকিরুল ইসলাম নেত্রকোণার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের ফজলুর হক আকন্দের ছেলে।
আদালতে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযোগকারী নেত্রকোণা সদর উপজেলার বাসিন্দা ২৯ বছর বয়সী এক প্রবাসী নারী। তাঁর অভিযোগ, জাকিরুল ইসলামের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জাকিরুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর বিভিন্ন সময়ে নানা প্রলোভনে তাঁর কাছ থেকে টাকা নিতে থাকেন।
অভিযোগ পত্রে বলা হয়, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে একই বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে জাকিরুল ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা নেন। এছাড়া ২০২৬ সালের ৫ মার্চ তাঁর কাছ থেকে স্বর্ণালংকার নেন, যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারের মূল্য ২২ লাখ ৭০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরো জনায়, জাকিরুল তাঁকে বিয়ে করার আশ্বাস দেওয়ার পাশাপাশি পৌর শহরের সাতপাই এলাকায় একটি বাড়ি অভিযোগকারীর নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। এবং টাকা ও স্বর্ণালংকার ফেরত না দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ওই নারী।
অভিযোগপত্রে আরও বলা হয়, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে জাকিরুলের বাড়িতে গেলে তাঁকে অপমান ও দুর্ব্যবহার করে বের করে দেওয়া হয়। বর্তমানে জাকিরুল তাঁর মুঠোফোন নম্বর বন্ধ করে রেখেছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী।
এ ঘটনায় ওই নারী জাকিরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাকিরুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে তিনি গণমাধ্যম কর্মীর পরিচয় জেনে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এবং পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
জ/বা