দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন কাটাচ্ছেন তিনি। আর সেই জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভ্রমণ। পরিবার ও বন্ধুদের সঙ্গে যেমন ঘুরতে বের হন, তেমনি কখনো একাই পাড়ি জমান অচেনা কোনো গন্তব্যে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রভা। ছবিগুলোতে প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা একটি দৃষ্টিনন্দন স্থানে দেখা গেছে তাকে। কালো পোশাক ও কালো সানগ্লাসে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
প্রভার পোস্ট থেকেই জানা গেছে, বর্তমানে তিনি ঘুরছেন শ্রীলঙ্কায়। দেশটির বিখ্যাত পর্যটন আকর্ষণ ‘নাইন আর্চ ব্রিজ’-এ ছবিগুলো তুলেছেন তিনি। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন প্রভা।
জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ভ্রমণে যান অভিনেত্রী। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করে জানান, একাই ঘুরতে গেছেন সেখানে।
ভিডিওতে একা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কি না। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুরা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। তা ছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’
জ/দি