জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ বুধবার দুপুরে আটক ১৯ জনকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আক্কেলপুর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়া তাঁদের মধ্যে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে।
জ/দি