টেলিভিশন নাটকে দেড় যুগের অভিনয়জীবন পার করেছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। দীর্ঘ এই সময়ে কোনো সহশিল্পী বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা দিক তুলে ধরেছেন এই অভিনেত্রী।
নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার এক ধরনের অনীহাও ছিল। সেটে বাড়তি আড্ডা কম দিই, কাজের বাইরে যোগাযোগও কম থাকে। তাই অনেকে হয়তো আমাকে ঠিকমতো মূল্যায়ন করেননি। এর জন্য কাউকে দোষ দিই না, এটা আমার মেলামেশার ঘাটতি।’
কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের সঙ্গে কাজের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছেন। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে বিশ্বাস করেন না তিনি। তাঁর মতে, যারা সিন্ডিকেটের মধ্যে থেকে কাজ করেন, তাঁরা দীর্ঘদিন টিকে থাকতে পারেন না।
নাবিলা বলেন, একসময় অনেকে ভাইরাল হয়ে এবং প্রচুর ভিউ পেয়ে আলোচনায় এসেছিলেন। কিন্তু কিছুদিন পর তাঁদের আর নাটকে দেখা যায়নি। তাই তিনি কখনো শর্টকাটের পথে হাঁটেননি। টানা ১৮ বছর কাজ করে যাওয়াকেই নিজের টিকে থাকার বড় প্রমাণ মনে করেন তিনি।
তবে বর্তমান সময়ের নাটকের গল্প ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, এখনকার মূল ধারার নাটক নায়ক-নায়িকা বা দুই-আড়াইটি চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। অথচ নাটকের প্রতিটি চরিত্রেরই সমান গুরুত্ব থাকা উচিত।
এ প্রসঙ্গে হুমায়ূন আহমেদের নাটকের উদাহরণ টেনে নাবিলা বলেন, সে সময় পরীক্ষামূলক ও বৈচিত্র্যময় গল্পের নাটক নির্মিত হতো। সেসব কাজে যে স্বাচ্ছন্দ্য ও শিল্পের আনন্দ ছিল, এখন তা খুঁজে পান না তিনি। বিশেষ করে গ্রামের গল্পের নাটকে একই ধরনের স্বামী-স্ত্রীর ঝগড়া এবং নির্দিষ্ট কিছু নামের পুনরাবৃত্তি হচ্ছে। তাঁর ভাষায়, ‘মনে হয়, যেন কেজি হিসাবে নাটক বানানো হচ্ছে।’