রাজধানীর মিরপুর-১ গোলচত্বরে ককটেল বিস্ফোরণে ওমর আলী (৬০) নামে এক জমি ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওমর আলীর বাড়ি ১৭ নম্বর সেক্টরের উত্তর দহল গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রহমান।
আহতের মেয়ের জামাই মাছুম জানান, মিরপুর-১ গোলচত্বর দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ওমর আলী আহত হন। এতে তার ডান চোখ, ডান হাত, বাম হাঁটু ও পায়ের গোড়ালিতে স্প্লিন্টারের আঘাত লাগে।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দারুস সালাম এলাকা থেকে আহত ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
জ/দি