দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটলেও সরকার নির্বিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতার কারণে আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি।
সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। উল্টো ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
পোস্টে তিনি বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, এসব বক্তব্য নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে করা অভিযোগ ও মন্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।
জ/দি