ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে একটি বৈঠক হবে। বৈঠকটি খুব দারুণ হবে।’
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের যুদ্ধ শেষ করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমরা ভালো করছি। কারণ, আমরা দেশটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলছি।’
এ সময় যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ চালুর কথাও জানান তিনি। ট্রাম্পের দাবি, এ অভিযানের মাধ্যমে ইরানে স্থলপথে পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এর অর্থ হলো, স্থলপথে কিছুই প্রবেশ করতে পারবে না। আপনারা জানেন, নৌ অবরোধের কারণেও পানিপথে কোনো কিছু প্রবেশ করতে পারছে না।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের সদস্যদেশ ২১টি। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য। জোটভুক্ত দেশগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন।
তথ্যসূত্র: আল জাজিরা
জ/শা