এক যুগেরও বেশি সময় পর অবশেষে রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন বেসিক জামান টাওয়ারের দখল বুঝে পেয়েছে বেসিক ব্যাংক।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভবনটির দখল বুঝে নিতে অভিযান পরিচালনা করে মহানগর বাণিজ্যিক আদালত-২। পরে ভবনটি দখলমুক্ত করে বেসিক ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, দ্রুততম সময়ে ভবনটির নির্মাণকাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করা হবে।
জানা গেছে, ২০১৩ সালের সেপ্টেম্বরে ভবনটি কেনার জন্য ৮০ কোটি টাকার চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, এরই মধ্যে ৭৬ কোটি টাকা পরিশোধও করা হয়। তবে অর্থ পরিশোধের পরও চুক্তির শর্ত অনুযায়ী ভবনটির দখল বুঝে পায়নি ব্যাংক।
এ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা তৈরি হয়। অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও আইনি কার্যক্রমও আদালত পর্যন্ত গড়ায়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতের প্রতিনিধিদের অভিযানের মাধ্যমে ভবনটি দখলমুক্ত করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর ভবনটির নিয়ন্ত্রণ ফিরে পেল বেসিক ব্যাংক।
জ/দি