দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদে নিয়োগের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অধিবেশনে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানতে চান, দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে মোট কতটি পদ শূন্য রয়েছে। পাশাপাশি এসব শূন্যপদ পূরণে সরকারের সুনির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা কী, তা-ও জানতে চান তিনি।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর শূন্যপদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
তিনি জানান, বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে বর্তমান সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনায় ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের’ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এ লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগসংক্রান্ত তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে।
জবাবে আরও বলা হয়, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
জ/দি